সৌদি আরবে চাকরির প্রলোভনে প্রতারণা: মানবপাচার চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সৌদি আরবে ড্রাইভিং ভিসায় উচ্চ বেতনের চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর বনানী থানার সৈনিক ক্লাব এলাকা থেকে মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. শামীম (৪০), মো. রুহুল আমিন (২৪), মো. হৃদয় হাসান (২৬), আবু রায়হান (২৯) ও মো. সানি মিয়া (২৫)। তারা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি অনলাইন বিজ্ঞাপনে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসিক ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির নিশ্চয়তার কথা উল্লেখ ছিল। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীকে বনানীর একটি অফিসে যেতে বলা হয়। সেখানে সৌদি আরবে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকায় চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী বিদেশ যাওয়ার আগেই পুরো অর্থ পরিশোধের শর্ত ছিল। পরে ভুক্তভোগীর কাছ থেকে ব্যাংক ও নগদে মোট ২ লাখ ৬৬ হাজার টাকা নেওয়া হলেও প্রতিশ্রুত ড্রাইভিং ভিসার পরিবর্তে তাকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী বনানী থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।
সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, একই কৌশলে বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে আরও কয়েকজনের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ ছাড়া বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে মানবপাচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল তারা।
বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডির মানবপাচার শাখা। চক্রটির দেশি-বিদেশি সহযোগী, পলাতক সদস্য এবং সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করার আহ্বান জানিয়েছে সিআইডি। একই সঙ্গে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার এবং ভিসা জালিয়াতি, মানবপাচার বা অবৈধ অভিবাসনের বিষয়ে সন্দেহ হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিআইডিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।



