শুক্রবার রাষ্ট্রপতির শপথ, রাজধানীতে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিদায়ি ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন সংলগ্ন এলাকায় সাধারণ যান চলাচলে নিম্নোক্ত বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে বঙ্গভবনে আগত অতিথিদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এজন্য শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে যাতায়াত করবে অথবা সুবিধাজনক অন্য কোনো বিকল্প পথ ব্যবহার করবে। তবে দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোনো প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহন জিরো পয়েন্টে ইউটার্ন নিতে পারবে না। গাড়িগুলোকে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর, কিংবা জিরো পয়েন্ট–ইউবিএল–নাইটিঙ্গেল–ফকিরাপুল–ইত্তেফাক মোড় হয়ে চলাচল করতে হবে।
ডিএমপি চালকদের সাময়িক এ সময়ের জন্য উল্লিখিত পথগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। এই ট্রাফিক ব্যবস্থার কারণে বঙ্গভবন সংলগ্ন এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।




