মানিব্যাগ চুরির সময় হাতেনাতে আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় রবিন (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। পরে ভ্রাম্যমাণ আদালতে (স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ডিএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে ট্রাফিক পুলিশ গাড়ি তল্লাশি ও কাগজপত্র যাচাই করছিল। এ সময় চালক ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের সঙ্গে কথা বলার সুযোগে রবিন গাড়ি থেকে একটি মানিব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি সার্জেন্টের নজরে এলে তিনি তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করেন।
পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে মতিঝিল থানা পুলিশ তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। আদালত রবিনকে ছয় মাসের কারাদণ্ড দেন।
দণ্ডাদেশের পর রবিনকে কারাগারে পাঠানো হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

