ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু থেকে আমাদের সন্তানদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ মশক নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মী ও মশককর্মীরা তাদের দায়িত্ব পালন করবেন, তবে নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া এ কার্যক্রম সফল করা সম্ভব নয়।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন প্রাঙ্গণে মশক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএনসিসির বিশেষ প্রচারাভিযান ‘Operation Clean Homes, Healthy Lives’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।
সামনে আরও বড় পরিসরে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। রাস্তাঘাট বা জলাবদ্ধতা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এলাকাবাসী জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই বিশেষ প্রচারাভিযান আগামী ২১ মে পর্যন্ত চলবে। প্রতিদিন ডিএনসিসির ১০ জন এবং ব্র্যাকের ১০ মশককর্মী এই কার্যক্রমে অংশ নেবেন। প্রতি শনিবার মোট ২১টি বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী বলেন, মশা নিয়ন্ত্রণ শুধু সরকারের দায়িত্ব নয়; এ বিষয়ে সব নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত সচেতনতাই এ সমস্যার কার্যকর সমাধান দিতে পারে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের এই লড়াই শুরু করতে হবে নিজ নিজ বাসা থেকে। জনগণের সম্পৃক্ততা ছাড়া এ কার্যক্রমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। কর্মসূচি উদ্বোধনের পর প্রশাসক আশপাশের বিভিন্ন বাড়িতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিলি করেন এবং স্থানীয় মানুষকে করপোরেশনের কাজে সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।