ডিএমপির কঠোর নিরাপত্তায় সম্পন্ন হলো তাজিয়া মিছিল

এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির কঠোর নিরাপত্তায় সম্পন্ন হলো তাজিয়া মিছিল
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী প্রধান তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে ডিএমপি। যেখানে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়। হাজারো শোকাহত ভক্ত খালি পায়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি ও মাতমের মধ্য দিয়ে মিছিলে অংশ নেন।

মিছিলটি হোসাইনী দালান, বকশীবাজার, আলিয়া মাদ্রাসা মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, সায়েন্সল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক, সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকসংলগ্ন প্রতীকী ‘কারবালা’ প্রান্তে পৌঁছে দুপুর আড়াইটায় শেষ হয়।

মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই ডিএমপি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে। দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ সব ধরনের অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে মিছিলের পুরো রুটজুড়ে ডিএমপির বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

ডিএমপি কমিশনারের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা নিশ্চিত করেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শোক মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

১০ মহররম পবিত্র আশুরা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। এ উপলক্ষে রাজধানীর হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়াসহ বিভিন্ন ইমামবাড়ায় শোকানুষ্ঠান ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।