logo

বাড্ডায় চিপস ফ্যাক্টরি থেকে দগ্ধ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

বাড্ডায় চিপস ফ্যাক্টরি থেকে দগ্ধ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্ব বাড্ডায় একটি চিপস ফ্যাক্টরি থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মোহাম্মদ মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)।

সোমবার (২৫ মে) ভোরে পুলিশ সদস্যরা পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকার আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ভোর ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে ফ্যাক্টরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত দুইজন ওই ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত মোস্তফা রংপুরের তারাগঞ্জ থানার বড় কুমারপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। অপরদিকে মাহমুদুল হাসান একই থানার কাজীপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।