logo
Advertisement

কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
মো. ফরহাদ হোসেন। ছবি: পরিবার সূত্রে পাওয়া

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ফরহাদকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাকিবের দাবি, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে চুল কাটানোর জন্য বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগরের একটি সেলুনে গিয়েছিলেন তিনি। এ সময় সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাকিব আরও জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফরহাদকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন একজন। চার বছর আগে বিয়ে হলেও তার কোনো সন্তান ছিল না। তিনি রায়েরবাজারের ‘এলেক্স গ্রুপ’-এর সদস্য ছিলেন বলেও জানান স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ফরহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।