মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেলেন ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নদী রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথের পানি ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর লেখক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নদীবিষয়ক লেখক ও সেভ দ্য রিভার মুভমেন্ট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী। গবেষণা ক্যাটাগরিতে নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন এবং সাংবাদিকতা ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ ও দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মো. আল ফাতাহ মামুন এ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া সংগঠন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নোঙর ট্রাস্ট বাংলাদেশ। সংগঠনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এর চেয়ারম্যান সুমন শামস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওয়ানাকুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের নদ-নদীর বর্তমান অবস্থা এবং নদীর সঙ্গে মানুষের জীবন-জীবিকার সম্পর্ক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। এতে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এ ছাড়া বিশ্ব নদী দিবসের প্রতিষ্ঠাতা মার্ক অ্যাঞ্জেলো ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী বাংলাদেশের জীবন, অর্থনীতি, কৃষি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। নদী দখল, দূষণ ও নাব্য সংকট মোকাবিলায় সরকার, গবেষক, গণমাধ্যম, পরিবেশ সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। নদী রক্ষায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেওয়ার এ ধরনের উদ্যোগ নদী রক্ষার আন্দোলনকে আরও গতিশীল করবে বলেও তারা মত প্রকাশ করেন।
আন্তর্জাতিকভাবে নদী রক্ষায় কাজ করা কিংবদন্তি পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলোর অবদানকে স্মরণ করে ২০২৪ সালে প্রথমবারের মতো মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নদী, পরিবেশ ও জলবায়ু বিষয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি, সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
