দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে শীর্ষ দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
লাইভ র্যাংকিং অনুযায়ী, ২৭৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ২১৮ ও তৃতীয় স্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ২০৮। এছাড়া ১৮২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে কাতারের দোহা (১৭৯), চীনের উহান (১৬৫), ভারতের দিল্লি (১৬২), উগান্ডার কামপালা (১৫৯) ও মিশরের কায়রো (১৫৭)।
একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সেটা আইকিউএয়ার সেই তথ্য প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বা নির্মল বলে বিবেচিত হয়।
স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়, স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর, স্কোর ২০১ থেকে ৩০০ পর্যন্ত হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয় এবং স্কোর ৩০০-এর বেশি হলে বাতাসের মান অত্যন্ত বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে ধরে নেওয়া হয়।

