logo
Advertisement

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

এশিয়া পোস্ট প্রতিবেদক
আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক
‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন আবদুস সালাম। সোমবার নগর ভবন অডিটোরিয়ামে। ছবি: এশিয়া পোস্ট

মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি আন্দোলন-সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা ও জীবনাদর্শ সাহস ও প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) নগর ভবন অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে​ডিএসসিসি প্রশাসক বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের মানবতাবাদ, সাম্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ঢাকাকে সুন্দর ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে।

ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আনন্দ করব, গান গাইব—পাশাপাশি জনগণের সেবাও নিশ্চিত করব। দুটি বিষয়ই সমান্তরালে চলবে। নাগরিক সেবা ও অফিস ঠিকমতো না চললে নগরবাসী সন্তুষ্ট হবে না।

‘নজরুল বর্ষ’ উপলক্ষে ডিএসসিসির আওতাধীন প্রতিটি ওয়ার্ডের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রাথমিক (১ম থেকে ৫ম শ্রেণি) এবং মাধ্যমিক (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)—এ দুটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে—নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুলসংগীতভিত্তিক একক নৃত্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এ ছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।