বিমানবন্দরে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, সর্বস্ব লুট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক যুবককে খাবার খাইয়ে ‘অচেতন’ করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম সিন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে প্রবেশের মুখে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিনের সঙ্গে একটি কালো রঙের ব্যাগ ছিল। এর ভেতর থেকে ডিএসএলআর ক্যামেরা ও পকেট থেকে দামি মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
জানা গেছে, বিমানবন্দরে অপেক্ষারত সিনকে একটি প্রতারক চক্র কৌশলে কিছু একটা খেতে দেয়। ধারণা করা হচ্ছে, খাবারে ঘুমের ওষুধ বা অন্য কোনো চেতনানাশক মেশানো ছিল। খাবারটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি পুরোপুরি অচেতন হয়ে পড়েন। এই সুযোগে প্রতারকরা তার সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।
বিমানবন্দরে প্রবেশের একটু ভেতরে সিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে অবহিত করে। পরে অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে।
পুলিশের এপিবিএন সদস্য নজরুল বলেন, আমরা যুবকটিকে অচেতন অবস্থায় পেয়েছি। তার ব্যাগ ও যাবতীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে চক্রের সদস্যরা। ভুক্তভোগী যুবক যদি থানায় অভিযোগ করেন, তাহলে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব।
তিনি আরও বলেন, এ ঘটনার পর বিমানবন্দর ব্যবহারকারীদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে কোনো খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।



