logo

রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখা নিয়ে ডিএমপির নির্দেশনা

রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখা নিয়ে ডিএমপির নির্দেশনা

বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নির্মাণকাজে ব্যবহৃত নানা নির্মাণসামগ্রী ও অন্যান্য মালামাল সরাতে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সরকারি/বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ কাজে ব্যবহৃত বিবিধ নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল যত্রতত্র ভাবে রাস্তা/ফুটপাতে রাখছেন। এর ফলে একদিকে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, অপরদিকে পথচারীগণের চলাচলের অসুবিধা হচ্ছে। এটি ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬ এর ৬৭/৬৮/১২/১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৭/৮২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

আরও বলা হয়, শিগগিরই ঢাকা মহানগরীতে উক্ত কার্যক্রমের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হবে। সম্মানিত নগরবাসীকে উল্লিখিত আইনের যথাযথভাবে প্রতিপালন করে রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রীসহ অন্যান্য মালামাল দ্রুত অপসারণের জন্য অনুরোধ করা হলো।

সুশৃঙ্খল মহানগরী গড়তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে ডিএমপি।