সাবেক স্বামীর ছোড়া এসিডে দগ্ধ নারী, হাসপাতালে ভর্তি

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সাবেক স্বামীর ছোড়া এসিডে রোজিনা আক্তার আবিদা (২২) নামে এক নারী দগ্ধ হয়েছেন। তার শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে নতুন বাজারের দর্জিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।
রোজিনার ভাই মো. জামাল জানান, তার বোন বসুন্ধরা শপিংমলে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তার সাবেক স্বামী মো. শরীফ হঠাৎ তার শরীরে এসিড ছুড়ে মারেন। এতে রোজিনার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
জামাল আরও জানান, তার বোন ভাটারা থানার নতুন বাজারের দর্জিবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ঘটনার খবর পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ভাটারার নতুন বাজার এলাকা থেকে রোজিনা আক্তার আবিদা নামে এক নারী এসিডে দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
