বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে একটি দুইতলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কলমিলতা বাজারের দুই তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে সকাল ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের সংবাদও পাওয়া যায়নি।
