পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির পাক্ষিক হেলথ ক্যাম্প

রাজধানীর পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কর্মসূচির আওতায় শনিবার (১৩ জুন) রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ট্রাফিক বিভাগের উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়।
এয়ারপোর্ট গোলচত্বর, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস স্ট্যান্ড, কাকরাইল, মতিঝিল বয়েজ স্কুল মাঠ, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এবং বলধা গার্ডেন সংলগ্ন এলাকায় স্থাপিত স্বাস্থ্য ক্যাম্পগুলোতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, স্বল্প আয়, দীর্ঘ কর্মঘণ্টা ও সময়ের অভাবে অনেক পরিবহন শ্রমিক নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় তাদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডিএমপি এ উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, পরিবহন চালক ও হেল্পারদের সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে যাত্রী ও মালামাল পরিবহন আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত হবে। বর্তমানে সীমিত পরিসরে পরিচালিত এ কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও টেকসইভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ডিএমপি জানায়, বিভিন্ন জরিপ অনুযায়ী অধিকাংশ পরিবহন চালক ও হেলপার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা এবং মাংসপেশির বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে এসব রোগ নিয়ন্ত্রণ বা নিরাময় সম্ভব হলেও কর্মব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ উদ্যোগের মাধ্যমে তাদের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ডিএমপি।
ডিএমপির তথ্যমতে, ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কার্যক্রম চালু হওয়ার পর থেকে ইতোমধ্যে সহস্রাধিক পরিবহন শ্রমিক এ সেবা গ্রহণ করেছেন।
