logo

যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত দুই শুটার রিভলবারসহ গ্রেপ্তার

যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত দুই শুটার রিভলবারসহ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যায় সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে বিদেশি রিভলবার, গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। 

শুক্রবার (২৭ মার্চ) একটি খুদে বার্তায় তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪। খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার দুই ব্যক্তি এই ‘কিলিং মিশনে’ অংশগ্রহণ করেন। তারা ‘শুটার’ ছিলেন। 

এ বিষয়ে বেলা ১১টায় রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় র‍্যাব-৪ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে কথা বলবেন কোম্পানি কমান্ডার (সদর কোম্পানি) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির। 

গত বছরের নভেম্বরে খুন হন কিবরিয়া (৪৭)। মিরপুর–১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে মুখোশধারী তিন সন্ত্রাসী।

হত্যার ঘটনা তদন্তে যুক্ত পুলিশ কর্মকর্তারা বলেছিলেন, এলাকায় আধিপত্য বিস্তারসহ লেনদেন নিয়ে দ্বন্দ্ব থেকে কিবরিয়াকে হত্যা করা হয়। ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে জনিসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। পল্লবী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।