যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন, সোহাগ মিয়া সাগর (২৩), মো. আলাল মিয়া (২৬) এবং মো. ফয়সল মিয়া ওরফে ফয়সাল (৪১)।
ডিএমপির তথ্যমতে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩৩ কেজি গাঁজাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

