logo

ঢামেকে চিকিৎসাধীন অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢামেকে চিকিৎসাধীন অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ডয়েচে ভেলে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন পৃথক ঘটনায় দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ও দুপুরে তাদের মৃত্যু হয়। নিহত দুজনের বয়স আনুমানিক ৪০ ও ৬০ বছর। তবে এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে তেজগাঁওয়ের নাক-কান-গলা ইনস্টিটিউটের সামনে ফুটপাত থেকে অচেতন অবস্থায় প্রায় ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টার দিকে ২১৮ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

তেজগাঁওয়ের স্বেচ্ছাসেবী উদ্ধারকারী রকিবুল ইসলাম জানান, পথচারীরা ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

অন্যদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ডাক্তার ক্যান্টিনের সামনে একটি বেঞ্চের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আনুমানিক ৬০ বছর বয়সি এক ব্যক্তিকে।

হাসপাতালের ওয়ার্ডবয় মো. সাগর তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মেডিসিন বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

মো. সাগর আরও জানান, ওই ব্যক্তির বাম হাতের কবজিতে সেলাইয়ের একটি চিহ্ন রয়েছে। তার ধারণা, গতকাল কোনো এক সময় কেউ বা কারা তাকে নতুন ভবনের সামনে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

প্রযুক্তির সহায়তায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পরিদর্শক হাবিবুর রহমান।