কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদি ঢামেকে মারা গেছেন

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ মোহাম্মদ সুজন (৪৬) নামের এক কয়েদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে মোহাম্মদ সুজন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আল-আমিন জানান, নিহত সুজন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, নিহত সুজন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নং ৬৩১৬/এ মামলা নং-৫২৯৫/২৬(সিআর) নিহতের গ্রামের বাড়ি, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার গোড়ই এলাকার সিরাজ মিয়ার ছেলে। কেন্দ্রীয় কারাগারে বুকের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনের শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
