ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু

রাজধানীর ভাটারার খিলবাড়ীরটেক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মো. মাহিদ ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহিদ ইসলাম ভোলা জেলার সদর থানার রতনপুর গ্রামের হাবিব হোসেনের ছেলে। বর্তমানে খিলবাড়ীরটেক হাজারী গলির পাশে একটি বাসায় তার পরিবার থাকে।
নিহতের বাবা হাবিব হোসেন বলেন, বিকেল পৌনে ৪টার দিকে ভাটারা খিলবাড়ীরটেক হাজারী গলির নূরনবী মুদিখানা দোকানের পাশে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এতে আমার ছেলে দেয়ালের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে পাশের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।



