ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২, উত্তরা বিভাগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন, দুটি চাকু, একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প এবং ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা জব্দ করা হয়েছে।
অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির বিপুল পরিমাণ উপকরণও উদ্ধার করা হয়। এর মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের ১৫০টি খালি মোড়ক ও বোতল, লেবেলবিহীন ৩০০টি সিরাপের বোতল, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি সাচ রয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
