গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সাব্বির (১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে গেন্ডারিয়ার ডিস্টিলারি রোডের ৯৫/৫ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। গেন্ডারিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন তিনি।
নিহতের সহকর্মী আতাউর জানান, ওই বাসায় বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেকের চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান আতাউর।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
