ঢামেকের নতুন ভবনের সামনে থেকে মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন জানান, বিকেলে নতুন ভবনের মসজিদের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালের কর্মচারীদের সহায়তায় তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
মো. ফারুক জানান, পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়েছে।