logo

সড়কে গাছ ফেলে ডাকাতি, ফেরার পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

সড়কে গাছ ফেলে ডাকাতি, ফেরার পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার। ছবি : এসআরবির সৌজন্যে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

বুধবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসআরবি-১০-এর সিপিএসসি (লালবাগ ক্যাম্প) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান এ তথ্য জানান।

Advertisement

গ্রেপ্তাররা হলেন জাকির হোসেন (২৫), জাহিদুল ইসলাম সাগর (৩২), মো. হেলাল (৪৫), কালাম খাঁ (৩৭), মো. লিমন মাতবর (২২), মো. শওকত আলী শিকদার (৪০), আল আমিন (৩৮) এবং মুন্না (৩০)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ধলেশ্বরী টোলপ্লাজায় অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ওই আটজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থান করে মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন এলাকায় সড়কে গাছ কেটে ব্যারিকেড তৈরি করে ডাকাতি করে আসছিল। গত ২৪ নভেম্বর বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় জড়ো হয়ে তারা পিকআপ ভ্যানযোগে বরিশালের উদ্দেশে রওনা দেয়। সেখানে সুবিধা করতে না পেরে শরীয়তপুর ও মাদারীপুরে বিচ্ছিন্নভাবে কয়েকটি ডাকাতি করে ফেরার পথে সকাল ৭টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজায় এসআরবির হাতে ধরা পড়ে।

অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, ১০টি রামদা, একটি করাত, একটি লোহার শাবল, সাতটি টর্চলাইট, পাঁচটি গামছা ও একটি মুখোশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ২০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাঁচটি বিদেশি হাতঘড়ি, পাঁচটি মানিব্যাগ, একটি চেকবই, বিদেশি মুদ্রা, নগদ ৫৭ হাজার টাকা ও বিদেশি চকলেট জব্দ করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাকির হোসেনের বিরুদ্ধে দুটি ডাকাতিসহ মোট চারটি মামলা, কালাম খাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা, জাহিদুল ইসলাম সাগরের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা এবং মো. হেলালের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির একটি মামলা রয়েছে।

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইজিবাইকচালক হত্যার ঘটনায় গত ২২ নভেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০। তারা হলেন মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১০ ‘জিরো টলারেন্স’ নীতিতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট