ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে দ্বিতীয়

মেগাসিটি ঢাকায় দিন দিন বায়ুদূষণ বাড়ছে। বিশেষ করে শীতকালে ভয়াবহ আকার ধারণ করছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বে দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। মূলত বৃষ্টিপাত না থাকার পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা ৩২ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৮২ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। একইসঙ্গে এই স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।
এ ছাড়া স্কোর ৩৩৮ নিয়ে প্রথম স্থানে মিসরের কায়রো এবং ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
এই দূষণ সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।