logo
Advertisement

এসআই আলতাফ হত্যাকাণ্ড: জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
এসআই আলতাফ হত্যাকাণ্ড: জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়শেনর লোগো। ছবি : গণমাধ্যম

সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক শোক ও প্রতিবাদ বার্তায় এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় একটি পোশাক কারখানার সামনে গাড়ি রাখা নিয়ে বিরোধের জেরে ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী দল এসআই (নিরস্ত্র) আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ১৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া তার ছেলে আরিফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে সংগঠনটি জানায়, একজন পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং তার সন্তানকে গুরুতর আহত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, বর্বরোচিত ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়; বরং এটি আইনের শাসন, জননিরাপত্তা এবং দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। তাই ঘটনার সঙ্গে যুক্ত প্রতিটি অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

শোকবার্তায় নিহত এসআই আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহত আরিফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করা হয়।