logo

রেস্টুরেন্ট পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মচারীর

রেস্টুরেন্ট পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মচারীর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ডয়েচে ভেলে

রাজধানীর তুরাগে রেস্টুরেন্ট পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মুজাহিদুল ইসলাম নামের এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তুরাগের দিয়াবাড়ির ১৭ নম্বর সেক্টরের আই ব্লকে বালির রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতালে এবং তারপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুজাহিদ বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর থানার নিজ গালুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে।

ঢামেক হাসপাতালে আসা মুজাহিদের এক সহকর্মী বিশ্বজিৎ বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে অন্য সহকর্মীদের সঙ্গে রেস্টুরেন্টের বাইরের দিকে পানি দিয়ে পরিষ্কার করার কাজ করছিলেন মুজাহিদ। অসাবধানতাবশত সেই পানি তোলার মটর থেকেই বিদ্যুৎস্পর্শে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। তারপর সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান।

হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।