নন্দীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়া মসজিদ গলির তিতাস রোডের একটি বাসা থেকে আল-আমিন (৩২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে মরদেহ উদ্ধারের পর রোববার (২৬ এপ্রিল) ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার জানান, গতরাতে নন্দীপাড়া মসজিদ গলির তিতাস রোড এলাকার ঝরনার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ জানায়, নিহত আল-আমিন পেশায় রিকশাচালক। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার পশ্চিম ছয়গাঁও গ্রামে। বাবার নাম আমজাদ আলী। বর্তমানে খিলগাঁও নন্দীপাড়া মসজিদ গলি তিতাস রোড এলাকার ঝরনার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।