ঢাকায় উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত ২

রাজধানীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রিকশাচালক ফিরোজ আহমেদ (৫০)। আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৫৫।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় ও খাইরুল জানান, রাত ১টার দিকে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশার ওপর ঠিয়ে দেয়। ট্রাকটি উল্টো পথ দিয়ে যাচ্ছিল। দ্রুত গিয়ে ট্রাকের নিচ থেকে অটোচালক ও যাত্রীকে বের করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।
অন্যদিকে, ওয়ারীতে একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।