তুরাগের চিহ্নিত মাদক কারবারি ও ১৪ মামলার আসামি ‘জয়নাল’ গ্রেপ্তার

রাজধানীর তুরাগের ওয়ান্টেড মাদক কারবারি মো. জয়নাল আবেদীনকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, তিনি এলাকার চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে তুরাগের বাউনিয়া বটতলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার জয়নাল আবেদীন বাউনিয়া বটতলা এলাকার বাসিন্দা কুদরত আলী এবং মায়ের নাম মৃত সাহিদা বেগম।
এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, জয়নাল আবেদীনের বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীন অভিযোগের পাশাপাশি দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলাও রয়েছে।
তিনি বলেন, জয়নাল তুরাগের মোস্ট ওয়ান্টেড মাদক কারবারি। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে।
পুলিশ ও বাউনিয়া এলাকার বাসিন্দারা এশিয়া পোস্টকে বলেন, বাউনিয়া বটতলা এলাকায় জয়নালের পুরো পরিবারই মাদক কারবারি। জয়নালের স্ত্রী, সন্তান থেকে শুরু করে সবার অন্যতম পেশা মাদক কারবার।
তুরাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
