logo

নির্বাচনের আগে ঢাকায় অবৈধ অস্ত্র ঢোকানোর চেষ্টা, আটক ১

নির্বাচনের আগে ঢাকায় অবৈধ অস্ত্র ঢোকানোর চেষ্টা, আটক ১

নির্বাচনের প্রাক্কালে ঢাকায় অবৈধ অস্ত্র ঢোকানোর চেষ্টার অভিযোগে দুইটি বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তির নাম মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫)। তিনি যশোর জেলার বেনাপোল থানার বাসিন্দা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর শ্যামপুরের ঢাকা-মাওয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করে ডিবির লালবাগ বিভাগের একটি দল। বিকেলে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ডিসি (লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় গাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আজগর আলীকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

ব্যবসার উদ্দেশ্যে আনা হয় এসব অস্ত্র জানিয়ে ডিসি মো. মোস্তাক বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় আসন্ন নির্বাচনে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে এসব অবৈধ অস্ত্র আনা হয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান এ কর্মকর্তা।