যাত্রাবাড়ীতে বিপুল ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার (২ জুলাই) র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার (১ জুলাই) যাত্রাবাড়ী থানার একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ইসমাইল আহমেদ (৩৬), এহসান উল্লাহ (২৮), নাছির উদ্দিন (৪৫) ও মিতুল (২৮)।
এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১০ টাকা নগদ জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা মেহেদী ইমরান সিদ্দিকী জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ১০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে খুচরা বিক্রি করতেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।




