Advertisement

ঢামেকের ইএনটি বিভাগপ্রধানের ওপর হামলা, গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট ডেস্ক
ঢামেকের ইএনটি বিভাগপ্রধানের ওপর হামলা, গ্রেপ্তার ১
ড. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আসাদুর রহমানের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। হামলায় তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী রাশেদুল ইসলাম জানান, শান্তিনগরে পপুলারের ৩ নম্বর ভবনে ব্যক্তিগত চেম্বার শেষে মোহাম্মদপুরের বাসায় যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় উঠেছিলেন ৫৫ বছর বয়সি অধ্যাপক আসাদুর। অটোরিকশাটি ছাড়ার পরপরই ৪-৫ জনের একটি সশস্ত্র দল সেটির পথ রোধ করে। এরপর দেশি অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তার মাথা, চোখ ও নাকে গুরুতর আঘাত লাগে।

ঘটনার পরপরই আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকলেও তার বর্তমান অবস্থা বা ঘটনার সার্বিক বিষয়ে স্বজন বা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারকৃতের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, একজন রোগীকে চিকিৎসার বিষয়কে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি নিজেকে ওই রোগীর বন্ধু বলে দাবি করেছেন এবং তাদের অভিযোগ অনুযায়ী ‘ভুল চিকিৎসা’ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই আক্রমণ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। হামলার পেছনে অন্য কোনো কারণ বা উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত শুরু করেছে পুলিশ।