পুলিশের লুণ্ঠিত পিস্তল পুরান ঢাকা থেকে উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার একটি পলিথিন কারখানা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০।
রোববার (৫ জুলাই) র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১০-এর সদর কোম্পানির একটি দল চকবাজার মডেল থানার লালবাগ কেল্লার মোড়ের জলাপট্টি এলাকার একটি পলিথিন কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানার একটি মেশিনের নিচে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতার সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। উদ্ধার হওয়া অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।




