logo

মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি ডয়েচে ভেলে

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে নুসরাত আক্তার (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে চাঁদ উদ্যানের একটি বাসার তৃতীয়তলার ছাদে খেলার সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নুসরাতের বাবা মোহাম্মদ সজিব জানান, তার মেয়ে মোহাম্মদপুরের হামিম মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুপুরে বাসার ছাদে খেলার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেওড়া গ্রামে। বর্তমানে তারা মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার ৩ নম্বর রোডের একটি বাসায় থাকেন। তিন মেয়ের মধ্যে নুসরাত ছিল সবার ছোট।

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, নুসরাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।