রাজধানীতে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর তেজগাঁও ও দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবদুল্লাহ (৩০), মো. মনির হোসেন (৩৯), মো. সালাউদ্দিন (৪০) এবং মো. ফরিদ (৩৩)।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমাম তাপস রোববার (৭ জুন) দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও ও দারুস সালাম এলাকায় রোববার বিকেলে অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ১১ লাখ টাকা।
মেজর তাপস বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করত। পরে রাজধানীর তেজগাঁও ও দারুস সালাম থানাধীনের বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


