logo

দূষণে আজ বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

দূষণে আজ বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম। একইসঙ্গে এ সময়ে বাতাসের মান ছিল ১৯৪। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। 

এ ছাড়া একিউআই স্কোর ২১০ নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি, ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি। 

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।