মঙ্গলবার রাজধানীতে চালু হচ্ছে ‘মহিলা বাস’ সার্ভিস

রাজধানী ঢাকায় চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। শুধু নারীরা এই বাসের যাত্রী হতে পারবেন। বিআরটিসির এই বাস সার্ভিসের চালক ও কন্ডাক্টরের দায়িত্বও পালন করবেন নারীরা।
আগামী মঙ্গলবার থেকেই এই পরিষেবা পাবেন রাজধানীবাসী। ওই দিন সকাল ১০টায় তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।


