ঢাকা মেডিকেলের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
এশিয়া পোস্ট প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আঙিনায় তথা বাগান গেটের পাশ থেকে এক দিন বয়সি এক কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অচেতন অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সম্পর্কে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লাভলু জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





