বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থা কী

পৃথিবীর বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছেই। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শনিবার শীর্ষস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা, এরপর ইন্দোনেশিয়ার জাকার্তা। অন্যদিকে ঢাকা রয়েছে ১৩ নম্বরে।
শনিবার (১১ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ৮৮। বাতাসের এই মানকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল কঙ্গোর কিনশাসায়, যার স্কোর ১৮৩। এ ছাড়া ১৬৯ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা দ্বিতীয় এবং ১৬৭ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা রয়েছে তৃতীয় অবস্থানে।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত করা হয়। যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।





