রাজধানীতে খণ্ডিত মরদেহের নিখোঁজ মাথাও উদ্ধার

রাজধানীর মুগদা এলাকায় খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের নিখোঁজ মাথাও উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই ব্যক্তির সাত টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলের পাশের একটি ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় ও বয়স জানা যায়নি। উদ্ধার হওয়া মাথা ও দেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে মুগদা এলাকার মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে প্রথমে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। সেখানে সাতটি অংশে মরদেহ পাওয়া গেলেও মাথা পাওয়া যায়নি। পরে পাশের ময়লার স্তূপে অনুসন্ধান চালিয়ে মাথাটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং ভুঁড়ি বের হয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে সেখানে ফেলে রাখা হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই-বাছাই করছে পুলিশ।
