logo

উন্নত বিশ্বের থেকে বাংলাদেশের বিমানবন্দরে ওয়াইফাই সার্ভিস কম নয়: উপদেষ্টা আসাদ

উন্নত বিশ্বের থেকে বাংলাদেশের বিমানবন্দরে ওয়াইফাই সার্ভিস কম নয়: উপদেষ্টা আসাদ
​প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ছবি: এশিয়া পোস্ট

​প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ‘আপনি উন্নত বিশ্বের (সিঙ্গাপুর, দুবাই, লন্ডন) এয়ারপোর্টে যে ওয়াইফাই সার্ভিস পাবেন, বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে তার চেয়ে কম সার্ভিস পাবেন না।’

​তিনি বলেন, ‘আওয়ার স্পিড, আওয়ার রিলায়েবিলিটি অ্যাপ্রোপ্রিয়েটলি বেটার দ্যান অ্যানি আদার এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড।’

​হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার (১৭ মে) দুপুরে 'ফ্রি ওয়াইফাই' উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, ‘পুরো বিমানবন্দরে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট রয়েছে। পার্কিং লট থেকে অন দ্য ওয়ে টু বোর্ডিং ব্রিজ পর্যন্ত (এই সুবিধা পাওয়া যাবে)।’

​তিনি বলেন, ‘আমরা জানি, গ্রাম থেকে এসে পার্কিং লটে থামা থেকে শুরু করে একদম বিমানে ওঠা পর্যন্ত কিংবা দেশে ফিরে (যাত্রীরা যেন) বাড়িতে কথা বলতে পারেন—বেল্টে, ইমিগ্রেশনে কিংবা চেকিং ওয়েতে, উই মেড শিওর (আমরা তা নিশ্চিত করেছি)। কারও কানেক্ট করতে যেন অসুবিধা না হয়, সে জন্য এনাফ ক্যাপাসিটি (পর্যাপ্ত সক্ষমতা) তৈরি করা হয়েছে।’

​উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আজ ঘোষণা করেছি। কিন্তু গত কয়েক দিনে ২০ হাজারের ওপর যাত্রী কানেক্ট করেছেন। তাঁরা ২.৩ টেরাবাইট ডেটা ইউজ করেছেন। আমরা কথা বলছি, ঠিক এই মুহূর্তে প্রায় ১৮ শ যাত্রী ফ্রি ইন্টারনেট ব্যবহার করছেন।’