বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার, পলাতক ২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৭ কেজি কুশ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসব ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় কুশ রেখে পালিয়ে গেছেন আরও দুই ভারতীয় নাগরিক।
শনিবার (২২ আগস্ট) রাতে এশিয়া পোস্টকে এসব তথ্য জানিয়েছে বিমানবন্দর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ডিএনসি সূত্র জানায়, শনিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালায় ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল। সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক হোসাইন আব্দুল কাদের শেখকে (৪৮) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে তার ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি কুশ উদ্ধার করা হয়।
তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড, মুঠোফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ, ৪০০ ভারতীয় রুপি ও একটি নির্বাচন কমিশনের পরিচয়পত্রও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন আব্দুল কাদের শেখ জানিয়েছেন, বাংলাদেশে কয়েকজন ব্যক্তির সহযোগিতায় থাকার ব্যবস্থা এবং মাদক চোরাচালানে সহযোগিতার উদ্দেশ্যে তিনি এসেছেন।
এর আগে গত মঙ্গলবার একই বিমানবন্দরের গ্রিন চ্যানেলে পৃথক অভিযানে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ জব্দ করে ডিএনসি। তবে এ ঘটনায় কুশ বহনকারী দুই ভারতীয় নাগরিক পালিয়ে যান।
ডিএনসি জানায়, ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে বিশেষ দলটি গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিক আকাস দুবে (২৮) ও আকাস পান্ডে (৩৪) দুটি ট্রলি ও ভারতীয় পাসপোর্টের ফটোকপি রেখে পালিয়ে যান।
পরে ট্রলি দুটি তল্লাশি করে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। ডিএনসি জানিয়েছে, পলাতক দুজন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গন্ডালপাড়া এলাকার বাসিন্দা।
দুটি ঘটনায়ই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।



