রাজধানীতে বাসের ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মী নিহত

রাজধানীর চানখাঁরপুল এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় জয়দেব (৪০) নামে এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর নিহত হয়েছেন।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চানখাঁরপুল ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি বয়েল ল্যাবরেটরিজের ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তাকে উদ্ধারকারী পথচারী মুসা গাজী জানান, জয়দেব রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের নাম জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।
দুর্ঘটনায় জড়িত মৌমিতা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
