রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৪

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৪
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা পুলিশ। রোববার (২১ জুন) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযান চালিয়ে হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

শেরেবাংলা নগর থানা পুলিশের হাতে গ্রেপ্তাররা হলেন— আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০), মো. নয়ন শেখ (৩১), যুবলীগের সক্রিয় কর্মী মো. ইব্রাহিম (২৬), মো. রাকিব (২৬) ও মো. রাকিব (২৩)।

অন্যদিকে একই দিন সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটজন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তাররা হলেন— মো. কবির ওরফে হুমায়ুন কবির (৫৪), মো. কালাম ফরাজি (৪০), কবির হাওলাদার (৪৮), মো. সিরাজ (৩৮), মো. হেলাল হোসেন (৪০), মো. আলী রাজ হোসেন (৩৭), মো. স্বপন মিয়া (৪০) এবং মুরাদ ওরফে মুরাদ মাতবর (২৭)।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।