শাহজালালে প্রায় ৬০ লাখ টাকার সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই থেকে আগত সাত যাত্রীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে এফজেড-৫০১, বিজি-১৪৮ এবং বিএস-৩৪২ ফ্লাইটে আগত সাত যাত্রীর ব্যাগেজ তল্লাশি চালিয়ে ১ হাজার ২৫৩ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়। যার পরিমাণ ২ লাখ ৯৯ হাজার ৪ শত শলাকা। বাজারমূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।
এ ছাড়াও রোববার (৫ এপ্রিল) দুবাই থেকে এসজেড-৫২৩ ফ্লাইটে আগত সিগারেট ভর্তি লাগেজ পাওয়া যায়। পরে সেটি লস্ট অ্যান্ড ফাউন্ডে রক্ষিত ছিল।
জব্দকৃত মোট ১ হাজার ৪৯৭ কার্টন সিগারেট ঢাকা কাস্টমস হাউজে জমা রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কাস্টমস গোয়েন্দা আরও জানায়, সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যে সহায়তার জন্য ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।