চকবাজার থেকে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি সেলিম হোসেনকে (৩৮) রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চকবাজার থানার নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) তপন সরকার জানান, সেলিম হোসেনের সঙ্গে প্রায় দুই বছর আগে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে থাকার সময় তিনি কৌশলে ওই নারীর আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে নিজের মুঠোফোনে সংরক্ষণ করেন। পরবর্তী সময়ে পারিবারিক জটিলতার কারণে তাদের বিচ্ছেদ হয়। পরে ভুক্তভোগীর পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়।
তিনি জানান, ভুক্তভোগীর বর্তমান বৈবাহিক জীবন চলাকালে সেলিম তার নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। ওই অ্যাকাউন্টের মাধ্যমে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র্যাব-১০-এর সহযোগিতা চাইলে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় একমাত্র আসামি সেলিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।



