৩০০ ফুট সড়কে পুলিশের কড়া নিরাপত্তা ও তল্লাশি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফুট সড়কে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশির আওতায় নিয়ে আসা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে ৩০০ ফুট সড়কে নিরাপত্তা জোরদার ও কড়া চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতে দেখা যায় খিলক্ষেত থানা পুলিশকে। এ সময় ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার), মোটরসাইকেল ও সন্দেহজনক বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। সেই সঙ্গে বাসের যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে এই সড়ক থেকে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ডিএমপির খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইজিপি ও কমিশনার স্যারদের কাছ থেকে বরাবরই নির্দেশনা থাকে। আপনারা (সাংবাদিক) যেটি দেখছেন, এটি আমাদের একটি নিয়মিত চেকপোস্ট। এখানে আমাদের নিয়মিত তল্লাশি কার্যক্রম চলে। তারপরও যদি কোনো কর্মসূচি ঘোষণা করা হয় বা ধ্বংসাত্মক কোনো চেষ্টা করা হয়, তা রুখতে আমাদের ধারাবাহিক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার হয়তো আরও বেশি পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।






