আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক শিশুর জন্য প্রধানমন্ত্রীর উপহার

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল ঢাকার কেরানীগঞ্জে আহত জুলাই যোদ্ধা মো. সুজনের বাসায় যায়।
‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
প্রতিনিধি দলের সদস্যরা সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার তুলে দেন। একই সঙ্গে তারা মো. সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন ও শাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপির নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
.png)






