logo

শিস দেওয়াকে কেন্দ্র করে হত্যা, মামলার দুই আসামি গ্রেপ্তার

শিস দেওয়াকে কেন্দ্র করে হত্যা, মামলার দুই আসামি গ্রেপ্তার
ছবি : ডিএমপির ওয়েবসাইট থেকে নেওয়া

রাজধানীর যাত্রাবাড়ীতে মুখে শিস দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শরিফুল ইসলাম অরুনকে মারধর করে হত্যার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন ছিদ্দিক শেখ (৪৪) ও মো. আল আমিন (৪০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতের দিকে যাত্রাবাড়ী থানার একটি দল শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিসি আকতার বলেন, গত ৮ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী থানার গোবিন্দপুর জিয়া সরণি রোডের ২৭/৮ নম্বর এলাকায় মুখে শিস দেওয়াকে কেন্দ্র করে শরিফুল ইসলাম অরুনের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এজাহারভুক্ত ৯ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন।

পরে অরুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।